Eng

সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেছে কিশোরের পা

অ+ অ-

প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক কিশোরের বাম পায়ের গোড়ালি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার দুপুর ১২টার দিকে জামছড়ি সীমান্ত পিলার ৪৪ এর সংলগ্ন জিরো লাইনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত আরাফাতুল ইসলাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার জানান, আরাফাতুল তার বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহ করতে গিয়েছিল। সে সময় অসাবধানতাবশত তার পা স্থলমাইনের উপর পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে আরাফাতুলের বাম পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় পাড়াবাসী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসরুরুল হক জানিয়েছেন, তাদের প্রাপ্ত তথ্যমতে স্থলমাইন বিস্ফোরণের ঘটনাটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২৫০ মিটার মিয়ানমারের ভেতরে ঘটেছে। আহত বাংলাদেশি কিশোর আরাফাতুলকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে কক্সবাজারে পাঠানো হয়েছে।

This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন