your code goes here
Bookmark

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষক আনোয়ার গ্রেপ্তার

অ+ অ-

চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূল অভিযুক্ত মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের কাছে ভুক্তভোগী শিশুর পরিবার ন্যায়বিচারের আবেদন জানায়। সে সময় সংসদ সদস্য এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। এই নির্দেশের চার দিনের মাথায় চিরুনি অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ থানার রঘুনাথপুর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকেন মো. উজ্জ্বল হাওলাদার, যিনি পেশায় একজন হোটেল কর্মী। গত ১১ ফেব্রুয়ারি রাতের ডিউটি শেষ করে সকালে বাসায় ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। ওই সময় তার স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। বেলা ১১টার দিকে তাদের ৬ বছরের শিশু কন্যা ফাতেমা আক্তার পাশের বাড়িতে মো. আনোয়ারের ছেলের সঙ্গে খেলতে যায়। দীর্ঘক্ষণ মেয়ের দেখা না পেয়ে মা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে আনোয়ারের ঘরের বন্ধ দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে শিশুটি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এবং জানায় যে, আনোয়ার তার সঙ্গে পাশবিক আচরণ করেছে।

মা লক্ষ্য করেন যে শিশুটির পোশাক ভেজা এবং সে মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত অবস্থায় আছে। অভিযোগ রয়েছে, ঘটনা জানাজানি হওয়ার ভয়ে আনোয়ার দেশীয় অস্ত্র (রামদা) হাতে নিয়ে শিশুটির পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় ভিকটিমকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে আইনি প্রক্রিয়ার স্বার্থে প্রয়োজনীয় আলামত ও পোশাক সংরক্ষণের পরামর্শ দেন।

এই ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে গত ১৩ ফেব্রুয়ারি জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন মামলার প্রধান আসামি আনোয়ার জোরারগঞ্জ এলাকায় আত্মগোপন করে আছে। এর পরিপ্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারি বেলা ১১টা ৫৫ মিনিটে বারইয়ারহাটের খান সিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ারের বাবার নাম লাতু মিয়া (প্রকাশ মফিজুর রহমান), তার স্থায়ী ঠিকানা জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর গ্রামে।

আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হাসান নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন